মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, বিকেলে সংসদে উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম
মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, বিকেলে সংসদে উপস্থাপন
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বাজেটের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে বাজেট উপস্থাপন করবেন। এটি স্বাধীন বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট, বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

প্রচলিত সংসদীয় রীতি অনুযায়ী, জাতীয় বাজেট জনসমক্ষে উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে খসড়া বাজেট অনুমোদন করা হয়। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারের বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। পরে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সংসদ অধিবেশনে যোগ দিয়ে বাজেট উপস্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। টাকার অঙ্কে এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই ব্যয় নির্বাহে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলোও নতুন বাজেটে বিবেচনায় রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে তা সাড়ে ৭ শতাংশের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা রয়েছে।

উন্নয়ন কার্যক্রমের গতি ধরে রাখতে আগামী অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপি, প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বিদেশি ঋণ ও উন্নয়ন সহায়তা থেকে আসতে পারে আরও ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, বড় আকারের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে থাকবে। বিকেলে সংসদে বাজেট বক্তৃতার মাধ্যমে করনীতি, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন খাতে নতুন উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে