নীলফামারীর সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা এর কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে স্থানীয়দের দাবি। একই সঙ্গে এলাকায় মাদক কারবার ও সেবনের প্রবণতাও আগের তুলনায় অনেকাংশে কমেছে । কিশোর অপরাধ,থাই ভিসা প্রতারণা, কেসিনো অনলাইন প্রতারণাসহ নানাবিধ অপরাধদমনে সক্রিয়ভাবে কাজ করছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত টহল, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনার ফলে মাদক ব্যবসায়ীরা চাপে রয়েছেন। বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, আগে বিভিন্ন এলাকায় মাদকের অবাধ বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। তবে পুলিশের সক্রিয় ভূমিকার কারণে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকাগুলোর আশপাশে পুলিশের নজরদারি বৃদ্ধিতে সাধারণ মানুষ স্বস্তি বোধ করছেন। সৈয়দপুর থানার পক্ষ থেকে জানানো হয়, মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। সচেতন মহল মনে করছে, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনসাধারণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে সৈয়দপুর আরও নিরাপদ ও অপরাধমুক্ত শহরে পরিণত হবে।