যশোরের অভয়নগরে পুকুরের তলদেশ থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সন্ধ্যায় উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে মোস্তফা মোল্যার পুকুর থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোস্তফা মোল্যার পুকুরে মোক্তাদির ও ওয়াজেদ নামে ১০ বছর বয়সি দুই শিশু গোসল করছিল। গোসলের এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে কিছু একটা উদ্ধার করে তারা বাড়ি চলে যায়। উদ্ধার করা বস্তুটি পরিবারের সদস্যদের দেখালে তা আগ্নেয়াস্ত্রের গুলি সন্দেহে তারা পুলিশে খবর দেন। পরে ব্যাপক তল্লাশী চালিয়ে পুকুরের তলদেশ থেকে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।
এ বিষয় অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ‘সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের একটি পুকুরের তলদেশ থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) ওই পুকুরসহ আশেপাশের এলাকায় পুনরায় তল্লাশী করা হয়েছে। এবং পুকুরের পানিতে জাল টেনেও অনুসন্ধান চালানো হয়েছে। কোথা থেকে পুকুরে গুলি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত আলামতের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।