মোল্লাহাটে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৩:১৯ পিএম
মোল্লাহাটে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হলে মানুষের সময় ও অর্থের অপচয় কমে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম রানা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ের বিরোধগুলো দ্রুত সমাধানে গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে জনগণের মাঝে আরও বেশি প্রচার-প্রচারণা প্রয়োজন।” 

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ সহজে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পান এবং বিচার ব্যবস্থার ওপর আস্থা বৃদ্ধি পায়। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপপুলিশ পরিদর্শক বিজন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, ব্যাপ্টিস্ট এইডের ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাসসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত (এভিসিবি-৩) প্রকল্পের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা সমন্বয়কারী মিতা দে।

আপনার জেলার সংবাদ পড়তে