বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হওয়ায় পিরোজপুরের কাউখালী উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী বালক বিদ্যালয় মাঠে এ ম্যাচের আয়োজন করা হয়।
প্রীতি ম্যাচকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাস দেখা যায়। খেলা শুরুর আগ থেকেই মাঠের চারপাশ দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে। মাঠজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের তাদের পতাকা নিয়ে স্লোগানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় নির্ধারিত সময়ে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে মো. খায়রুল জয়সূচক একমাত্র গোলটি করেন। তার গোলে ব্রাজিল সমর্থক দলকে ১-০ ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা সমর্থক দল। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের যৌথ উদ্যোগে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ব্রাজিল সমর্থক দলের খেলোয়াড় মো. রনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য সচিব সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, প্রিয় সংগঠক রাকিব তালুকদার, মারুফুর রহমান, আল মাহমুদ সুমন, গোলাম রব্বানী, ফয়সাল ইমতিয়াজ শোভন সহ দুই দলের অন্যান্য নেতৃবৃন্দ।