এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ জুন, ২০২৬, ০৭:২১ পিএম
এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা

বৃহস্পতিবার, বেলা ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে চলমান লাগাতার অবস্থান কর্মসূচি প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে শুরু হয়। পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১২:০০টার দিকে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের পদযাত্রা শুরু হয়।

পদযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা প্রদান করে এবং পুনরায় প্রেসক্লাবমুখী করে দেয়। শিক্ষকদের শান্তিপূর্ণ পদযাত্রাটি প্রেসক্লাবের নিকটবর্তী এলাকায় পৌঁছালে পুলিশ হঠাৎ মারমুখী আচরণ শুরু করে এবং বেপরোয়া তৎপরতা চালায়। এ সময় পুলিশ প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক এবং শীর্ষ সমন্বয়ক অধ্যক্ষ বাকি বিল্লাহকে আটক করে। পরে সাধারণ শিক্ষকদের তীব্র প্রতিবাদের মুখে পুলিশ অধ্যক্ষ সেলিম মিয়াকে ছেড়ে দিতে বাধ্য হয়; তবে বাকি তিনজনকে আটক রাখা হয়। আটক নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করে বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষকদের চাপের মুখে পুলিশ আটক সম্মানিত নেতৃবৃন্দকে মুক্তি দিতে বাধ্য হয়। লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী রবিবারের মধ্যে সরকার যদি এমপিওভুক্তির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দেয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমন্বয়ক প্রভাষক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকি বিল্লাহ, সমন্বয়ক অধ্যক্ষ আবতাবুল আলম, সমন্বয়ক সুপার ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক প্রভাষক মোবারক হোসেন, অধ্যক্ষ মিজানুর রহমান ভূঁইয়া, অধ্যক্ষ মিজানুল হক মামুন, সমন্বয়ক প্রভাষক হাবিবুল্লাহসহ সারাদেশ থেকে আগত জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে