অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে তৈরি হলো নতুন নাটকীয়তা। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের দেওয়া চার্জ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় সুপ্রিম কোর্টে জরুরি শুনানির ধার্য করা হয়েছে। এর আগে জ্যাকুলিনের আইনজীবীরা বিষয়টি নিয়ে অতি দ্রুত শুনানির আর্জি জানান। সেই প্রেক্ষিতে বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি এ এস চন্দুরকরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ মামলাটি শুনতে সম্মতি প্রকাশ করে এবং শুনানির দিন ঠিক করে। গত ৩০ মে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠনের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে পুরোপুরি চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আপিল করেছেন অভিনেত্রী। মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাবি, মূল অভিযুক্ত কুখ্যাত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে গাড়ি, হিরের গহনাসহ কোটি কোটি টাকার একাধিক দামি উপহার নিয়েছেন জ্যাকুলিন। নিম্ন আদালতের পর্যবেক্ষণ ছিল, ইডির পেশ করা তথ্য-প্রমাণে প্রাথমিকভাবে জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগের স্পষ্ট ভিত্তি রয়েছে। আদালত আরও জানায়, সুকেশের উপার্জিত কালো টাকা বা অপরাধের অর্থের সুবিধাভোগী ছিলেন জ্যাকুলিন এবং সেই অবৈধ অর্থের উৎস সম্পর্কেও তিনি সম্পূর্ণ অবগত ছিলেন এমনটা সন্দেহ করার মতো পর্যাপ্ত উপাদান রয়েছে।