হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই, জেনারেটর নেই

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০২:১১ পিএম
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই, জেনারেটর নেই

দিনাজপুরের হাকিমপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশুদ্ধ পানির সংকট, জেনারেটর না থাকা এবং খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

রুগীদের অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের পানির ফিল্টার ও টিউবওয়েল বিকল থাকায় ভর্তি রোগীদের বাইরে থেকে বোতলজাত পানি কিনে ব্যবহার করতে হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে যায়,  কারণ সেখানে কার্যকর জেনারেটর ব্যবস্থা নেই। এতে গরমে রোগীদের কষ্ট আরও বেড়ে যাচ্ছে। রোগী ও এলাকাবাসীর  ভাষ্য , শুধু বিশুদ্ধ পানির সংকটই নয়, খাবার সরবরাহেও অনিয়ম দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ের অনেক পরে খাবার দেওয়া হয় এবং খাবারের মান নিয়েও অসন্তোষ রয়েছে। ফলে রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

রোগীর এক স্বজন  জানান, সকাল ও দুপুরের খাবার প্রায়ই দেরিতে পৌঁছায়। রোগীর প্রয়োজন অনুযায়ী সময়মতো খাবার না পাওয়ায় অতিরিক্ত কষ্ট পোহাতে হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানান, রান্নার দায়িত্বে থাকা কর্মীদের সংকট এবং সরবরাহ জনিত কিছু সমস্যার কারণে মাঝে মাঝে বিলম্ব হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সমস্যাগুলো সমাধানে কাজ শুরু হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু করা এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে জেলা সিভিল সার্জনও বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়ে দ্রুত টিউবওয়েল ও ফিল্টার মেরামত এবং রোগীদের দুর্ভোগ কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে