রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সামসুজ্জামান সামু

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১২ জুন, ২০২৬, ০২:৫১ পিএম
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সামসুজ্জামান সামু

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মো. সামসুজ্জামান সামুকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

সামসুজ্জামান সামু বর্তমানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রংপুরের রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সরকার রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে এ-সংক্রান্ত আইন কার্যকর হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের ভিত্তি সুদৃঢ় হয়। নতুন এ কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব হবে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা, নগর উন্নয়নের মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, ভূমি ব্যবহারের সুষ্ঠু নিয়ন্ত্রণ, পরিবেশসম্মত অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধন।

রংপুরের নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে আসছিল। সংশ্লিষ্টদের মতে, চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে নবগঠিত এই প্রতিষ্ঠানের প্রশাসনিক ও কার্যকরী কর্মকাণ্ড শুরু করার প্রক্রিয়া আরও গতিশীল হবে। একই সঙ্গে রংপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নে নতুন গতি সঞ্চার হবে বলে তারা আশা করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে