শেরপুরের নকলা উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অরফান লাভ ফাউন্ডেশন-এর উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় সেলাই মেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার গণপদ্দী ইউনিয়নের গণপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাময়িক সহায়তার পরিবর্তে মানুষকে স্বাবলম্বী করে তোলাই অরফান লাভ ফাউন্ডেশনের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে সংগঠনটি দীর্ঘদিন ধরে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সহায়তা পেয়ে উপকারভোগীরা অরফান লাভ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য অত্যন্ত কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
এ সময় অরফান লাভ ফাউন্ডেশনের প্রোগ্রাম ও পার্টনারশিপ প্রধান সুমাইয়া নূর, প্রোগ্রাম প্রধান আমিনুল ইসলাম, নকলা ইসলামি পাঠাগারের সভাপতি মাওঃ গোলাম সারোয়ার, আব্দুল করিম হেলথ কেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী হাছিবুল হাসান হাসিব সহঅরফান লাভ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। সেলাই মেশিন পেয়ে নারীরা ঘরে বসেই আয়মুখী কাজে যুক্ত হতে পারবেন। অন্যদিকে ছাগল পালন করে উপকারভোগীরা তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ পাবেন।