সারা দেশের ন্যায় পিরোজপুরের জিয়ানগরে উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক কর্মকাণ্ড এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম”অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ১১.০০টায় জিয়ানগর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্যোক্তা ভাবনার নানা প্রকল্প উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান বিন হাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমি সুপারভাইজার অশোক রায়, মুক্তিযোদ্ধা স্বপন কুমার ডাকুয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মারুফুল হোসেন, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আরিফুজ্জামান প্রমুখ। দিনব্যাপী এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ এবং দৈনন্দিন জীবনের জটিল সমস্যা সমাধানের বিভিন্ন সৃজনশীল উদ্ভাবন স্থান পায়। অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টাল ঘুরে দেখেন এবং তাদের এই অসাধারণ প্রচেষ্টার প্রশংসা করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মসূচি প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীনে পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ) এই চমৎকার ও সময়োপযোগী অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, তরুণদের মেধা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ আরও সমৃদ্ধ ও অনন্য হয়ে উঠবে।