'আসুন সবাই শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর শহরের পুরাণবাজারে মাদক ও কিশোর গ্যাং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ জুন ২০২৬ ইং) বিকেলে পুরাণ বাজার নতুন রাস্তায় ১ ও ২ নং ওয়ার্ড কমিটি পুলিশ, সচেতন নাগরিক ও এলাকাবাসী উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি বলেন, মাদক এবং কিশোর গ্যাং এমন একটি সামাজিক ব্যাধি যা একটি সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। তাই চাঁদাবাজ, সন্ত্রাস মাদক এবং কিশোর গ্যাংসহ কোন অপরাধ মূলক কাজ এলাকায় থাকতে পারবে না।এর বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন করে তুলতে হবে। পুরাণবাজারকে মাদকমুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী তিন দিনের মধ্যে আপনারা দুটি ওয়ার্ডে আলাদা করে দুটি কমিটি গঠন করবেন। এই কমিটিতে অপরাধের সাথে সম্পৃক্ত এমন কাউকে রাখবেন না। প্রয়োজনের প্রতিটি মসজিদে মক্তব চালু করে দিন। সেখানে মাদক সেবী এবং বিক্রেতাদের ধর্মীয় জ্ঞান দান করবেন।
তিনি আরো বলেন, মাদক এবং কিশোর গ্যাংয়ের বিষয়ে কোনো প্রকার ছাড় নেই। এদের পক্ষে যারা দালালি করবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। আমার পুলিশ যদি কোন কাজ না করে, তাহলে আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। থানা বা ফাঁড়ি এলাকায় কোন দলের স্থান হবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে পুরান বাজারকে মাদকমুক্ত করা করা সম্ভব। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি ও কমিউনিটি পুলিশ অঞ্চল- ২ এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।
এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ বেপারী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাসির বেপারী,স্থানীয় মসজিদের ইমাম মাও. আলী আহম্মদ। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মুন্সি, যুবদল নেতা সাখাওয়াত হোসেন, আরিফ হেসেন, স্বেচ্ছাসেবক দল নেতা খোকন বেপারি, মো. আলম,মহিলা দলের নেত্রী কুলসুমা বেগম, পারভীনসহ আরো অনেকে। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পুলিশ সুপার নির্ভেজাল লোক দিয়ে কমিউিনিটি পুলিশং মহল্লা কমিটি গঠন করার পরামর্শ দেন এবং এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি এলাকাভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণে সহযোগিতা কামনা করেন।