রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. কামরুজ্জামান কামরুল তার বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১৩ জুন) বালিয়াকান্দির ওয়াপদায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ জুন একটি জাতীয় দৈনিকে ‘যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, সংবাদে তার রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন ঘটনার বর্ণনায় অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে।
কামরুল বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক মামলাসহ বিভিন্ন ভাবে নির্যাতিত। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে মারধর বা এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণসহ যে অভিযোগ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার সঙ্গেও তিনি জড়িত নন। এসব অভিযোগের পক্ষে কোনো সত্যতা নেই বলে দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে কামরুল অভিযোগ করেন, তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।