বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৩ জুন, ২০২৬, ০৪:১০ পিএম
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ মহাপরিকল্পনার অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে কলারোয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। এ সময় তিনি কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করে উপজেলার সর্বস্তরের মানুষকে এই সবুজ বিপ্লবে শামিল হওয়ার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা বিএনপি'র মুখপাত্র অধ্যক্ষ মোঃ রইছ উদ্দীন। অনুষ্ঠানটির সার্বিক সভাপতিত্ব ও সঞ্চালনা করেন-কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদর্শী ৫ বছর মেয়াদী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে এক ঐতিহাসিক পদক্ষেপ। এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ জনগণকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ রইছ উদ্দীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। উপজেলার প্রতিটি খালি জায়গায় এবং বাড়ির আঙিনায় অন্তত তিনটি করে গাছ লাগানোর জন্য আমি কলারোয়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি সফল করতে শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।