হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৪ জুন, ২০২৬, ০৮:৩১ এএম
হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা

প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে আজ সকাল ১১টায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। 


মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর অসিদের বিপক্ষে ওয়ানডে জয়ের স্বাদ পায় টাইগাররা। 


এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে মেহেদি হাসান মিরাজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে ২০তম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের দেখা পায় টাইগাররা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ডের বিপক্ষেই এখন পর্যন্ত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। 


ঐতিহাসিক সিরিজ জয়ের পর আরও একটি ইতিহাস লেখার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিতলেই প্রথমবারের মতো অসিদের হোয়াইটওয়াশের লজ্জা দেবে টাইগাররা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে ১৫তম বারের মতো প্রতিপক্ষকে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশের নজির গড়বে বাংলাদেশ।


অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে পরীক্ষা-নিরীক্ষার পরিবর্তে টিম ম্যানেজমেন্টকে সেরা একাদশ খেলানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওপেনার সৌম্য সরকার। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা না করে অসিদের ঐতিহাসিক হোয়াইটওয়াশের দিকে মনোযোগ দেওয়া উচিত।


সৌম্য বলেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার, কিন্তু আমাকে জিজ্ঞেস করলে আমি বলব, পরীক্ষা না করাই ভালো। আমরা অনেক বড় দলের বিপক্ষে খেলছি। ৩-০ ব্যবধানে জয় পাওয়া বিশাল অর্জন হবে। আমাদের সেরা একাদশই খেলানো উচিত।’


দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিসের বাউন্সারে মাথায় আঘাত পান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দ্রুত সেরে উঠলেও, তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।


সৌম্য বলেন, ‘মিরাজ দলে যোগ দিয়েছে। ডাক্তাররা এখনও তাকে পর্যবেক্ষণ করছেন। আগামীকাল পর্যন্ত সময় আছে। সে দলের সঙ্গেই আছে এবং ভালো আছে।’


মিরাজের অবস্থা বিবেচনা করে অফ-স্পিনার মাহেদি হাসানকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ।


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়কে অনেক বড় অর্জন মনে করেন সৌম্য, ‘আমরা যে সিরিজটি জিতেছি তা আরও বড় করে উদযাপন করতে পারতাম, কারণ এটি একটি বড় অর্জন। আমি জানি না আমরা কতটা উদযাপন করেছি, কিন্তু এটি আরও বেশি করা উচিত ছিল।’


অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে পারলে, অর্জনটা আরও বড় হবে বলে মনে করেন সৌম্য, ‘৩-০ ব্যবধানে জিতলে অবশ্যই অর্জন আরও বড় হবে। সেটাই এখন আমাদের লক্ষ্য। আমরা ইতিবাচক ক্রিকেট খেলব এবং যে দল তিনটি বিভাগেই ভালো খেলবে, তারাই জিতবে।’


এখন পর্যন্ত ওয়ানডেতে ২৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এর মধ্যে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচ। অস্ট্রেলিয়ার জয় ২০টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে