কুষ্টিয়ার দৌলতপুরে দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫৩) নামের এক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৩ জুন) রাতে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে। তিনি আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাঠপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির তিন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে উপজেলার কৈপাল এলাকার শুভ হোসেনের (৩৫) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত দুখিপুর এলাকার হুমায়ুন কবির (২১) দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে আতাউর রহমানের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।