পটুয়াখালীর কলাপাড়ায় অটোভ্যান চালক রাফি খানকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করায় পুলিশ তিন অপহরণ কারীকে গ্রেফতার করেছে। গ্রেফতার অপহরণকারীরা হলেন কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের জাহিদ প্যাদা, কোয়েল গাজী ও ইমরান গাজী। রবিবার রাতে পুলিশের বিশেষ টিম কলাপাড়া বাসষ্টান্ড ও চাকামইয়া থেকে গ্রেফতার করে।উদ্ধার করে অপহৃত রাফিসহ তার অটোভ্যান। অপহৃত রাফি খাম বলেন, গত শনিবার ওই তিনজন তার ভ্যানে করে কুয়াকাটার বিভিন্ন স্থানে ঘুরে। সারাদিন ঘোরার পর রবিবারও তাকে আসতে বলে। রাফি তাদের কথা মতো রবিবার সকালে হাজিপুর ব্রীজের উত্তর পাশের পাকা রাস্তায় গেলে ওই তিন আসামীসহ আরও ৪-৫ জন অস্ত্রের মুখে রাফির চোখ মুখ বেঁধে ফেলে। এসময় তার সাথে থাকা টাকা, মোবাইল ও অটোভ্যান নিয়ে নেয় এবং রাফিকে আাসামী কোয়েল গাজীর বাসায় আটকে তার পিতার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। এসময় তাকে বিভিন্ন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে অপহরণকারীরা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ছেলেকে বাঁচাতে তার পিতা হাসান খান ৫০ হাজার টাকা নিয়ে রাতে কলাপাড়া বাসষ্টান্ডে তাদের নির্ধারিত স্থানে গেলে তাকে মারধর করে অপহরণকারী জাহিদ ও ইমরান টাকা নিয়ে চলে যায়। এবং বাকি সাড়ে চার লাখ টাকা আনতে বলে। না আনলে তার ছেলেকে খুন করা হবে বলে হুমকি দেয়। এসময় রাফির পিতার সাথে থাকা এলাকার লোকজন কলাপাড়া থানা পুলিশ কে জানালে পুলিশ মোবাইল কলের সূত্র ধরে রাতেই অভিযান চালিয়ে প্রথমে জাহিদ ও ইমরান গ্রেফতার কার। তাদের দেয়া তথ্যমতে চাকামইয়া থেকে কোয়েল কে গ্রেফতার করে এবং তার বাসা থেকে হাত,মুখ বাঁধা অবস্থায় রাফিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। উদ্ধার করা হয় তার অটোভ্যান, মোবাইল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় রাফির পিতা হাসান খাম বাদি হয়ে জাহিদ প্যাদা, কোয়েল গাজী ও ইমরান গাজীকে আসামী করে অজ্ঞাত ৪-৫ জনের নামে সোমবার মামলা দায়ের করেছে। আজ দুপুরে গ্রেফতার তিন অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।