বরিশালের মুলাদী পৌর এলাকায় এক মোটরসাইকেল চালকের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মালপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। গত ১২ জুন (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে মুলাদী পৌরসভা সড়কের মামুন সিকদারের বাসার সামনে এই ঘটনা ঘটে। হামলার শিকার যুবকের নাম ইউসুফ ফকির (৩০)। তিনি মুলাদী পৌরসভার তেরচর গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে এবং পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। এই ঘটনায় ইউসুফ ফকির বাদী হয়ে গত শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন মুলাদী পৌরসভার ৬নং ওয়ার্ড তেরচর গ্রামের বাবুল রাড়ীর ছেলে পারভেজ রাড়ী (৩২), হারুন রাড়ীর ছেলে আরিফ রাড়ী (৩৩) এবং আলম রাড়ীর ছেলে কামাল রাড়ী (৩২)। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ইউসুফ ফকির তাঁর মোটরসাইকেলটি বিক্রি করে দেন। রাত সাড়ে ১০টার দিকে তার বাবাকে টাকা দেওয়ার জন্য পৌরসভা সড়ক দিয়ে পূর্ববাজারে যাচ্ছিলেন। তিনি মামুন সিকদারের বাসার সামনে পৌঁছালে ওই এলাকার পারভেজ, আরিফ ও কামাল তাঁর গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ইউসুফকে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে। হামলাকারীরা ইউসুফের কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা, একটি রূপার চেইন, হাতঘড়ি ও লাইট ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যান। পরে গুরুতর আহত অবস্থায় ইউসুফকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, "মোটরসাইকেল চালকের ওপর হামলা ও ছিনতাইয়ের একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"