বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ জুন, ২০২৬, ১২:০১ পিএম
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন ইলেকট্রিক মিস্ত্রি এবং অপরজন নির্মাণ শ্রমিক।

জানা গেছে, উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া পাঁচ রাস্তা এলাকার কাশেম খানের বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মো. শুভ (২০)। তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জসিমের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, দুপুরের দিকে শুভ একটি বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত ও সংযোগ দেওয়ার কাজ করছিলেন। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষণা করেন।

অপরদিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) সংলগ্ন রাকুদিয়া এলাকায় সুগন্ধা নদীর ভাঙনরোধ প্রকল্পে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন নির্মাণ শ্রমিক আল-আমিন (২৮)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী অপর নির্মাণ শ্রমিক আল মামুন বলেন, পানি উন্নয়ন বোর্ডের নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের ব্লক নির্মাণকাজে নিয়োজিত ছিলেন আল-আমিন। দুপুর ১২টার দিকে ব্লক তৈরির কাজে ব্যবহৃত ভাইব্রেটর মেশিন পরিচালনার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে গুরুত্বর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকেও বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরো তাকে মৃতবলে ঘোষণা করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে