বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান মো. সাব্বির মাঝি। বুয়েট কর্তৃপক্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করলে তাঁর এ সাফল্যের বিষয়টি নিশ্চিত হয়েছে। গত সোমবার সাব্বিরের এ অর্জনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে অনেকেই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছেন। মো. সাব্বির মাঝি গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের বাসিন্দা। সে ইতালি প্রবাসী শরিফুল ইসলাম (শরিফ মাঝি) ও গৃহিণী শাকিলা বেগমের একমাত্র ছেলে। ছোটবেলা থেকেই সে মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলো। ধারাবাহিক পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে ভর্তি হওয়ার পরেও সে তাঁর মেধার স্বাক্ষর রেখে সাফল্যের সাথে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।
স্থানীয়রা জানিয়েছেন, সাব্বিরের এ অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো গৌরনদীবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্য এলাকার নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণে আরও উৎসাহিত করবে। সাব্বিরের পরিবার তাঁর এ সাফল্যে মহান আল্লাহতায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁদের সন্তান যেন ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে সেজন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।