কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুল বৃত্তি ২০২৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভার মাধ্যমে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম ও ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক। শু়ভেচ্ছা বক্তব্য রাখেন ফাইট আনটিল লাইট(ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের।
উল্লেখ্য, উপজেলার ১০টি মাধ্যমিক ও ২৪ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত মোট ১৯০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও বৃত্তির নগদ প্রায় ১ লাখ টাকা প্রদান করা হয়।
ফাইট আনটিল লাইট (ফুল) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কুড়িগ্রাম জেলায় সংগঠনটি শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করছে। এছাড়া স্থানীয় গ্রামীণ জনসাধারণের মধ্যে বিভিন্ন সচেতনতা মূলক কর্মকান্ড পরিচালনা, ১০ টাকায় স্বাস্থ্য সেবা প্রদান করে ব্যাপক সুনাম কুড়িয়েছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সংগঠনটির কর্মকাণ্ডের ডকুমেন্টারি দেখে ভুয়সী প্রশংসা করেন। সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের সমাজসেবা মূলক কর্মকান্ডে যুক্ত হবার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক ও শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের আরো যত্নশীল হবার পরামর্শ প্রদান করেন। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং সংগঠনটিকে নিরপেক্ষ ভাবে কাজ করে এলাকার উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।