চলতি মৌসুমে পাবনার সুজানগরের বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান দখল করে অবাধে ধানের খড় শুকানো হচ্ছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে ঘটছে দুর্ঘটনা।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার সর্বত্র বোরো ধান কাটা চলছে। আর এক শ্রেণির কৃষক ওই ধানের খড় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়ক দখল করে অবাধে শুকাচ্ছেন। উপজেলার মানিকহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বলেন, চলতি মৌসুমে উপজেলার সুজানগর-চিনাখড়া সড়ক, কাচুরী-বোনকোলা সড়ক, গোপালপুর-সাতবাড়ীয়া সড়ক, সুজানগর-দুর্গাপুর সড়ক এবং নাজিরগঞ্জ-আমিনপুর সড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক দখল করে ধানের খড় শুকানো হচ্ছে। ওই সকল সড়কে চলমান যানবাহন ধানের খড়ের ওপর দিয়ে চলতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা কবলিত হচ্ছে। বিশেষ করে সব চেয়ে বেশি দুর্ঘটনা কবলিত হচ্ছে মোটরসাইকেল আরোহীরা। অন্যদিকে স্থানীয় কৃষকরা একইভাবে উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করে অবাধে ধানের খড় শুকাচ্ছে। কোন কোন বিদ্যালয় মাঠে ধান মাড়াইও করা হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বলেও ভুক্তভোগী শিক্ষক এবং শিক্ষার্থীরা জানান। থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন বলেন সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে ধানের খড় শুকানো অন্যায় এবং আইনের চোখে অপরাধ। কাজেই এই অন্যায় কাজ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।