১২ হাজার টাকার কীটনাশক চুরির অভিযোগে

তানোরে এক ব্যক্তিকে পিটিয়ে গ্রাম্য শালিসে ৫ লাখ টাকা জরিমানা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ১৯ জুন, ২০২৬, ০২:৪৫ পিএম | প্রকাশ: ১৯ জুন, ২০২৬, ০২:৪৫ পিএম
তানোরে এক ব্যক্তিকে পিটিয়ে গ্রাম্য শালিসে ৫ লাখ টাকা জরিমানা
রাজশাহীর তানোরে কীটনাশক চুরির অভিযোগে 'মব' সৃষ্টি করে গ্রাম্য শালিস বসিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে জখমের পাশাপশি কান ধরে উঠবস করা হয়। পরে ওই শালিসে ৫ লাখ টাকা জরিমানা করাও হয় বলে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার বিল্লী বাজারে সারাদিন ধরে এমন ঘটনা ঘটে। এদিকে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। বইছে মুখরুচোক নানা গুঞ্জন। স্থানীয় সচেনমহল বলছেন, যদি চুরি করা অপরাধ হয়। সেই চুরির অপরাধে তাকে পুলিশে না দিয়ে ‘মব’ সৃষ্টি করে পিটিয়ে জখমের পাশাপশি কান ধরে উঠবস করা ও পরে শালিস বৈঠক বসিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা কতটা আইনসিদ্ধ? প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের রামনাথপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র রুবেল একটি কীটনাশক কোম্পানিতে চাকুরি করতেন। কিন্তু একবছর আগে তিনি চাকুরি ছেড়ে দিয়েছেন। এরপর থেকে তিনি তার বন্ধু বিল্লী বাজারের মেসার্স মারিয়া টেড্রার্সের স্বত্ত্বাধিকারী মাহবুবুল আলমের দোকানে ওঠাবসা করেন। প্রতি হাট বার বিল্লী হাটে গিয়ে সে তার দোকানে বসে সময় কাটায়। স্থানীয়রা জানান, বুধবার ছিলো বিল্লী হাটের দিন। এদিনও রুবেল মাহবুবুল আলমের দোকানে বসে ছিলেন। হাট-বাজার করে রুবেল বাড়ি আসতে চাইলে তার বাজারের ব্যাগ তল্লাশি করে প্রায় ১২ হাজার টাকা মূল্যের বিভিন্ন কীটনাশক পাওয়া যায়। এসব কীটনাশক চুরির অভিযোগে ‘মব’ সৃষ্টি করে একটি ঘরে আটকে রেখে রুবেলের ওপর অমানুষিক নির্যাতন করে। পরে শালিস বসিয়ে জোরপূর্বক তার কাছে থেকে চুরির স্বীকারোক্তি আদায় ও ৫ লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নিয়ে তাকে মুক্তি দেয়া হয়। এনিয়ে স্থানীয়রা বলছেন, চুরির অপরাধে যদি জরিমানাই নেয়া হবে, তাহলে ‘মব’ সৃষ্টি করে তার ওপর অমানুষিক নির্যাতন করা হলো কেন? আবার চুরি করা তো ফৌজদারি অপরাধ, সেটা থানা পুলিশকে না জানিয়ে শালিস করা হলো কার স্বার্থে? নাম প্রকাশে অনিচ্ছুক রুবেলের এক স্বজন বলেন, রুবেলের সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘন। কারণ তাকে মারপিট করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এবং তার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। তারা যদি জরিমানার নামে টাকা আদায় করবেন তাহলে এসব করা হলো কেন? তিনি ও তার পরিবার সামাজিকভাবে যে হেয়ওপ্রতিপন্ন হলো এর দায় নিবে কে? তারা এঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এবিষয়ে জানতে চাইলে মেসার্স মারিয়া টেড্রার্সের স্বত্বাধিকারী মাহবুবুল আলম বলেন, সে দীর্ঘদিন যাবত তার দোকানে চুরি করে আসছে। অনেক কস্টের পর তাকে হাতনাতে ধরা হয়েছে। তিনি আরও বলেন, কোনো ‘মব’ সৃষ্টি করা হয়নি উত্তেজিত জনতা ক্ষোভের বশবর্তী হয়ে দু'একটা কিল-ঘুষি মেরেছে। রুবেলের অনুরোধেই তাকে থানায় না দিয়ে স্থানীয়ভাবে আপোষ করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে রুবেল বলেন, তিনি চুরি করেননি। ভুলবশত ঘটনাটি ঘটেছে। এঘটনায় ‘মব’ সৃষ্টি করে তাকে অমানুষিক নির্যাতনের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি প্রভাবশালীদের ভয়ে এমন অন্যায় শালিস মেনে নেন বলে আক্ষেপ করেন তিনি। তবে, এঘটনা নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বলেন- এমন ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
আপনার জেলার সংবাদ পড়তে