বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “আমি নারায়ণগঞ্জে এসে বেশ কিছু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। ব্যবসায়ীদের মাঝে বোবা কান্না দেখেছি। চাঁদাবাজরা তাদের ভাল থাকতে দিচ্ছে না।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হয় অথচ বিগত দিনে জান্নাতের টিকেট কারা বিক্রি করেছে তার ভিডিও আছে। অমুক নেতার নাম নিলে অযু করা লাগবে তারাই বলেছে। তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার চাঁদাবাজদের ঘরে ঘরে পাঠিয়ে দেয়। চোরের মায়ের বড় গলার মতো।”
‘গণভোটে জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ। দলীয় নেতা ক্যাডারদের প্রশাসক হিসেবে বসিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে’-উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলতো বিএনপিকে তারপর জামায়াতে ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কথা বলে। কিন্তু দেশের জনগণ এগুলো খায় না। আমাদের মনে রাখতে হবে, ’২৪-এর আন্দোলনের কারণেই ’২৬ সালে নির্বাচন হয়েছে। সরকার ও বিরোধী দল যদি আহত ও শহীদদের অবহেলা করে, তা গাদ্দারির শামিল হবে।”
জামায়াত আমির অভিযোগ করে বলেন, “বর্তমান সরকার চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং এসব আগের চেয়ে বেড়েছে। তিনি বলেন, সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই। আমাদের বিরুদ্ধে বলা হয়, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। কিন্তু প্রকৃতপক্ষে যারা বিভিন্ন নেতার নামের সঙ্গে ধর্মীয় অপব্যাখ্যা জুড়ে দেয়, তারাই এমন বিভ্রান্তি তৈরি করে।”
মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ আরো অনেকে।