প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বিএনপি সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই জনগণের সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানে কাজ করে যাচ্ছে সরকার। দলমত-ধর্মবর্ণ বিবেচনায় নয় বরং দেশ ও দেশের মানুষের কল্যাণই মূল লক্ষ্য বিএনপির। কথাগুলো বলেছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপি। তিনি শুক্রবার (২০ জুন) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের ‘ত্রিশাল ফুলবাড়ীয়া আছিম টু সানকিভাঙ্গা বগার বাজার (জেড-৩০৩২) সড়কের মেরামত কাজের শুভ উদ্বোধন শেষে ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, এই সড়কের উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার হবে। দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য। নির্বাচনী প্রতিযোগিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশমাত্র, যা ভোটের মাঠেই শেষ হয়ে যায়। কিন্তু নির্বাচনের পর একজন জনপ্রতিনিধির প্রথম ও প্রধান দায়িত্ব হলো প্রতিটি সাধারণ নাগরিকের মৌলিক অধিকার সমতার ভিত্তিতে নিশ্চিত করা। সেই মৌলিক অধিকার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্থানীয় সংসদ সদস্যরা কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আগামীতে ত্রিশাল উপজেলা কে একটি আধুনিক ত্রিশাল উপজেলা হিসেবে রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন বলে জানান ডা. মাহবুবুর রহমান লিটন এমপি। তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডা. মাহবুবুর রহমান লিটন এমপি বলেন, আমার প্রধান শক্তি হচ্ছে জনসাধারণ। তারা কী চায়, আমাকে কী বোঝাতে চায় এবং উনাদের দুঃখ-কষ্ট কোন জায়গায় আছে সেটি দেখাই আমার মূল কাজ। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান জামিলের সভাপতিত্বে ও বিএনপিনেতা ফররুখ আহমেদ নতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা প্রমূখ।