স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন কাজের উদ্ধোধন ও পরিদর্শনকালে বললেন, “গত তিন মাসে দেশে যে উন্নয়ন কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।”
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। তিন মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই, সংগ্রাম করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্ত বিএনপি লড়াই করেছে। বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। উভয় পক্ষের দুই দেশের মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।”
এর আগে বিএনপি মহাসচিব স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই তিন মাস সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।’
তিনি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থলে সেতু নির্মাণ করা হবে।’ এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি।
প্রথমে তিনি ভবেরচর বাজারস্থ ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজারের ভবন উদ্ধোধন করেন। পরবর্তীতে কালীগাছ তলায় ব্র্যাক অফিস-ইমামপুরের দুই কিলোমিটার রাস্তার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, রসূলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রিজ নির্মাণে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
তিনি গজারিয়াবাসীর বহুল প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণ নিয়ে আরও বলেন, এই বছরের মধ্যেই ফুলদী ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য শাম্মী আক্তার, তাহসিনা রুশদীর লুনা, এডভোকেট ফাহমিদা নাসরিন, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।