সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইটের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার অসংখ্য স্ট্রিট লাইট দীর্ঘদিন ধরে অচল থাকায় রাতের বেলায় অন্ধকারে ডুবে যাচ্ছে শহরের বিভিন্ন অংশ। এতে একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে চুরি, ছিনতাইসহ অপরাধ কর্মকাণ্ডের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শহরের কয়েকটি সড়ক ও মহল্লায় রাতের আঁধারে দুর্বৃত্তরা স্ট্রিট লাইটের সংযোগ তার কেটে নিয়ে যাচ্ছে। বিশেষ করে খাটিয়া মহল্লা থেকে নিচু কলোনী মোড় পর্যন্ত সড়কের তার চুরি হচ্ছে। তার চুরির কারণে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে পৌর কর্তৃপক্ষ নিয়মিত রক্ষণাবেক্ষণ করলেও নতুন করে তার সংযোজন না করা পর্যন্ত আলো জ্বালানো সম্ভব হচ্ছে না। শহরের বাসিন্দারা জানান, স্ট্রিট লাইটগুলো সচল থাকলে রাতের বেলায় চলাচল অনেক নিরাপদ হয়। কিন্তু তার চুরির কারণে বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে অন্ধকার বিরাজ করছে। বিশেষ করে স্কুল-কলেজ, হাসপাতাল ও বাজারসংলগ্ন সড়কগুলোতে এ সমস্যা বেশি দেখা দিয়েছে। সৈয়দপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্ট্রিট লাইট সচল রাখতে নিয়মিত কাজ করা হলেও বারবার তার চুরির কারণে পৌরসভার আর্থিক ক্ষতি হচ্ছে। চুরি হওয়া তার পুনঃস্থাপন ও মেরামতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং চোর চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।
নাগরিকরা দ্রুত চোরদের আইনের আওতায় এনে স্ট্রিট লাইট ব্যবস্থার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ক্যামেরা স্থাপন ও রাতের টহল বৃদ্ধি করা হলে এ ধরনের চুরি অনেকাংশে রোধ করা সম্ভব হবে। সচেতন মহল বলছে, স্ট্রিট লাইট শুধু আলোকসজ্জা নয়, এটি শহরবাসীর নিরাপত্তা ও আধুনিক নাগরিক সেবার গুরুত্বপূর্ণ অংশ। তাই তার চুরি রোধে প্রশাসন, পৌরসভা ও সাধারণ জনগণকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।