তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে নীলফামারীর সৈয়দপুরের জনজীবন। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন শহর ও উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন। বিদ্যুতের অনিয়মিত সরবরাহে ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য,শিক্ষার্থীদের পড়াশোনা এবং ক্ষুদ্র শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে নির্ধারিত ও অনির্ধারিত লোডশেডিং বেড়ে গেছে। দিনে কয়েকবার এবং রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় রাতের বেলায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ চলে গেলে ঘরের ভেতর থাকা দায় হয়ে পড়ে। ফ্যান ও পানির মোটর বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় কাজেও ভোগান্তি বাড়ছে। এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। শহরের বিভিন্ন দোকান, ফটোস্ট্যাট,কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা জানান, বিদ্যুতের অভাবে তাদের কাজ ব্যাহত হচ্ছে এবং আয় কমে যাচ্ছে।
লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থীরা রাতে পর্যাপ্ত সময় পড়াশোনা করতে পারছে না বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সৈয়দপুরবাসীর দাবি, গরমের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে।