রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযাগে আটক ৬

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ২০ জুন, ২০২৬, ০৫:৪৯ পিএম | প্রকাশ: ২০ জুন, ২০২৬, ০৫:২৪ পিএম
রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযাগে আটক ৬

রংপুরে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি ও প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযাগে ৬ যুবককে আটক করেছে পুলিশ। এরা হলোথরংপুর নগরীর চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া মোবারক আলীর ছেলে বাঁধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুরের মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর এলাকার ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুর পাবর্তীপুর তেলিপাড়ার রিয়াজুল ইসলামের ছেলে হাফিজ আল মামুন (৩০) ও আশরাফুল ইসলাম (৩৬)। শুক্রবার দিবাগত রাতে নগরীর ধাপ জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ওই চক্রের কাছ থেকে ১৫টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত চেক, তিনটি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট ও ৫টি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান। আরপিএমপির এই কর্মকর্তা জানান, রাজশাহীতে অনুষ্ঠিত ডাকবিভাগের একটি পরীক্ষাকে কেন্দ্র করে জাল-জালিয়াতি, প্রক্সি পরীক্ষা দেয়া ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে এই চক্রটি পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ধাপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তাদের সাথে এই প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথাটি স্বীকার করেছে। এ ঘটনায় একটি প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, কিভাবে পরীক্ষার হল থেকে প্রশ্নপত্র তাদের হাতে চলে যায় এসব বিষয়ে গভীর অনুসন্ধানসহ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে