সুন্দরগঞ্জে আগুন পুড়ল অর্ধকোটি টাকার সম্পদ

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) :
| আপডেট: ২১ জুন, ২০২৬, ০৩:১৯ পিএম | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৩:১৯ পিএম
সুন্দরগঞ্জে আগুন পুড়ল অর্ধকোটি টাকার সম্পদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এক ভয়াবাহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তথ্যমতে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ এতে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়েছে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে।

প্রত্যক্ষদশী মোা. কামরুজ্জামান মিয়া বলেন, ভোরে মো. লেবু মিয়ার মুদি দোকানে একটি বিকট শব্দ হয়। এর পরপরই দোকানের ভিতর থেকে আগুনের দাউ দাউ শিখা বের হতে থাকে। নিমেষের মধ্যে মুদি দোকান, ওষুধের দোকান, চায়ের দোকান, কনফেকশনারী, টেলিকম, কাঁচামাল, কীটনাশকের দোকানসহ ১১টি দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর আগে স্থানীয় জনতা আগুন নিভানোর চেষ্টা করেন। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. লিটন মিয়া বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হন। ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারনের জন্য হিসাব নিকাশ চলছে। তবে নগদ অর্থসহ সবমিলে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট হতে আগুনের সূত্রপাত হতে পারে। যাদের দোকান আগুনে পুড়ে গেছে, তারা হলেন- মো. লেবু মিয়া, মো. আজিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. নওশা মিয়া, মো. কামরুজ্জামান মিয়া, মো. আল আমিন মিয়া, মো. জাহেদুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. মোহাইমেন, মো. আনারুল ইসলাম, মো. আব্দুর রহমান ও মো. আল আমিন। 

পুড়ে যাওয়া দোকান মালিক মো. কামরুজ্জামান বলেন, প্রায় সব দোকানের ঘরসহ মালামাল পুড়ে গেছে। অনেকের নগদ অর্থ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকানদারগণ অনেকে এখন নিঃস্ব। শান্তিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ে পাঠিয়েছেন। উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি বলেন, চেয়ারম্যানের নিকট ক্ষতিগ্রস্থদের তালিকা চাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে