হঠাৎ প্রত্যাহার সিলেটের ডিসি সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৪:০৬ পিএম
হঠাৎ প্রত্যাহার সিলেটের ডিসি সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে আদেশে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একই প্রজ্ঞাপনে তাকে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।

সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সারওয়ার আলম বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আলোচনায় ছিলেন। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজারের তহবিল ব্যবস্থাপনা ঘিরে সাম্প্রতিক পদক্ষেপ প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করে। এর মধ্যেই তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত আসে।

এর আগে ঢাকায় র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে সারওয়ার আলম ভেজালবিরোধী অভিযানে ব্যাপক পরিচিতি পান। খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে শতাধিক অভিযান পরিচালনা করে তিনি জনসাধারণের প্রশংসা অর্জন করেন। পরবর্তী সময়ে প্রশাসনিক বিভিন্ন পদে বদলি ও পদোন্নতির ধারাবাহিকতায় তিনি সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পান।

প্রশাসনিক ক্যারিয়ারে একাধিকবার বদলি ও শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হন তিনি। ২০২০ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয় তাকে। পরবর্তীতে ২০২৪ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। এর আগে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তাকে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’ও দেওয়া হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এবার তার প্রত্যাহারের কারণ স্পষ্ট না করায় প্রশাসনিক অঙ্গনে এ সিদ্ধান্ত ঘিরে নানা আলোচনা তৈরি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে