চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৫:০৩ পিএম
চাটমোহরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

পাবনার চাটমোহরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্ততঃ ৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে।  আহতরা হলেন চরপাড়া গ্রামের চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা (৫২),গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল (৫৫),আবুল বাশার নবীরচাঁদ (৩৫),হৃদয় হোসেন (২২),সোহান হোসেন (২৩),কেতাব আলী (৪৫) ও মিজানুর রহমান (৪০)।

এলাকাবাসী জানান,চরপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জলাশয় নিয়ে এলাকার বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এনিয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এরই মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা আলালের নেতৃত্বে চরপাড়া সাহেববাজার এলাকায় গত কয়েকদিন মাদকবিরোধী একাধিক বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিল থেকে বিএনপি নেতা ভিপি সেলিমের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হয়। শনিবার সন্ধ্যার পরও মাদকবিরোধী মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকারীরা সাহেব বাজারে গেলে সেলিম রেজার উপস্থিতিতে প্রতিপক্ষ চাপাতি,লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে কয়েকজন আহত হন। এলাকার লোকজনের হস্তক্ষেপে উভয় পক্ষ সরে যায়। রাত সাড়ে ৯টার দিকে বিএনপি নেতা সেলিম রেজাসহ অন্যরা মোটরসাইকেল যোগে চাটমোহরে ফিরছিলেন। এসময় প্রতিপক্ষ তাদের উপর হামলা করে মারপিট করে। রাতেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

বিএনপি নেতা সেলিম রেজা অভিযোগ করে বলেন,আলাল,হেলাল ও মুক্তার গং মাদকসেবীদের নিয়ে মাদকবিরোধী মিছিল বের করে আমার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এলাকার লোকজন এতে বাধা দিয়েছে। আমি উভয় পক্সকে নিবৃত করার চেষ্টা করি। কিন্তু তারা আমাকেও লাঞ্ছিত করেছে।  স্বেচ্ছাসেবক দলের নেতা আলালসহ অন্যরা জানান,সেলিম রেজা এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিয়েছে। তার স্বজনরা আওয়ামী লীগের সাথে জড়িত। মাদকবিরোধী কর্মসূচিতে তার লোকজন ও এনজিও কর্মী জাইদুল চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও মারপিট করেছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান,আঃ কুদ্দুস নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে