তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ

আশুরা উপলক্ষে আরপিএমপির প্রস্তুতি সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২১ জুন, ২০২৬, ০৬:৫৩ পিএম
আশুরা উপলক্ষে আরপিএমপির প্রস্তুতি সভা

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) বিশেষ নির্দেশনা দিয়েছে। মিছিল চলাকালে কোনো ধরনের দেশীয় অস্ত্র, লাঠি-সোটা বহন এবং পটকা বা আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১২টায় আরপিএমপি কমিশনারের কনফারেন্স রুমে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা। এতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাবুপাড়া হুদা ক্যাম্প ও এনআরসি ক্যাম্পের প্রতিনিধিরা জানান, তাদের মধ্যে কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার করা হবে বলেও সিদ্ধান্ত হয়। আলোচনা সভায় আলমনগর কলোনি জামে মসজিদ কমিটির প্রতিনিধি শমসের আলম জানান, আলমনগর এলাকায় এ বছর তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে না; সেখানে শুধুমাত্র মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। গ্র্যান্ড হোটেল মোড় এলাকার প্রতিনিধি রুবেল জানান, আগামী ২৫ জুন রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই এলাকা থেকে তাজিয়া মিছিল বের হবে। অন্যদিকে ৩ নম্বর ক্যাম্পের সভাপতি খোরশেদ জানান, রাত ১২টা থেকে ১টার মধ্যে স্টেশনমুখী তাজিয়া মিছিল বের করা হবে এবং এতে কোনো ধরনের লাঠি-সোটা বহন করা হবে না। এ ছাড়া ২ নম্বর ইস্পাহানি ক্যাম্প এলাকার প্রতিনিধি শমসের আলম মনু জানান, ২৫ জুন মধ্যরাত থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন র‌্যালি পৃথকভাবে পরিচালিত হবে এবং কোনো র‌্যালি অন্য র‌্যালির সঙ্গে একীভূত হবে না।

সভায় উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান বলেন, “উভয় পক্ষ একমত হতে না পারলে প্রত্যেকে নিজ নিজ এলাকায় তাজিয়া মিছিল পালন করবেন। নিয়মের ব্যত্যয় ঘটলে কোনো রুট পারমিট দেওয়া হবে না। সমন্বয়ের অভাব দেখা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মিছিল শুরু ও শেষ করতে হবে।” সভায় বক্তারা পবিত্র আশুরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পালনের আহ্বান জানান। পাশাপাশি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরপিএমপির সব ইউনিট সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে