কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ১১:৩৬ এএম
কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮
ছবি, সংগৃহীত

কাতারের রাস লাফান শিল্পাঞ্চলের একটি গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৫৪ জন আহত এবং ১৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ।

আজ সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ‘কাতারএনার্জি’ জানায়, রোববার (২১ জুন) রাতে রাস লাফান শিল্প শহরের বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে কাজ শুরু হওয়ার সময় এ বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে একটি ‘অভ্যন্তরীণ বিস্ফোরণ’ হিসেবে বর্ণনা করেছে এবং জানিয়েছে যে, একটি ‘কারিগরি বা যান্ত্রিক ত্রুটির’ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, দুর্ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে থাকা এএফপির একজন সাংবাদিকও রাতের আকাশে আগুনের বড় শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। বিস্ফোরণের পর কারখানার ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি জানা যায়নি।

বিশ্বের অন্যতম বৃহত্তম এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্রটি সাম্প্রতিক মার্কিন-ইরান যুদ্ধের কারণে আগেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই যুদ্ধে ইরানি হামলায় কাতারের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং কাতার গ্যাস উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।