নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এসময় নলডাঙ্গার একডালা গ্রামের জাল ব্যবসায়ী শহিদুল সরদার কে দুই মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড ও অপর জাল ব্যবসায়ী সরকারপাড়া মহল্লার একাব্বর হোসেন কে কুড়ি হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে সিংড়া পৌর শহরের সরকারপাড়ায় অভিযান পরিচালনা করে ওই দুই ব্যবসায়ীকে এই দন্ডাদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ প্রমূখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সরকারপাড়া মহল্লার আলাউদ্দিন ও একাব্বর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি বাড়ি থেকে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য কুড়ি লক্ষাধিক টাকা। এসময় জাল ব্যবসায়ী আলাউদ্দিন পালিয়ে গেলেও অপর ব্যবসায়ী একাব্বর হোসেন ও জাল সরবরাহকারী শহিদুল সরদারকে মৎস্য সংরক্ষণ আইনে জেল-জরিমানা করা হয়েছে। আর পলাতক ব্যবসায়ী আলাউদ্দিনের নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ জালের বিষয়ে মাইকিং ও জনগণকে সচেতন করা হয়েছে। যারাই এই অবৈধ জাল কেনা-বেচার সাথে জড়িত থাকবে তাদেরকে সাজা ও জরিমানার আওতায় আনা হবে।