রংপুরের আট উপজেলা ও তিন পৌরসভা এলাকায় সাড়ে তিন লাখের শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে রংপুর সিভিল সার্জন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী ২৮ জুন রোববার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রংপুর সিটি করপোরেশন এলাকা ব্যতিত জেলার আট উপজেলা ও তিন পৌরসভা এলাকায় ৩ লাখ ৫৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে আট উপজেলায় ১ হাজার ৮৩২টি কেন্দ্রে তিন হাজার ৬৬৪ জন স্বেচ্ছাসেবক, ৪৫৬ জন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির তদারককারী ২২৮ জন দায়িত্বে থাকবে।
শাহীন সুলতানা বলেন, ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের জন্য অতিরিক্ত ভ্রাম্যমাণ টিম কাজ করবে। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই।
এ বছর জেলায় এক হাজার ৭১৫ প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধ ও বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। সর্বোপরি শিশু মৃত্যু রোধ করে। ডা. শাহিন সুলতানা বলেন, ক্যাম্পেইনের দিন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর সঙ্গে সঙ্গে মায়েদেরকে শিশুর জন্মের পর শাল দুধ খাওয়ানো, শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়ানো, ছয় মাস পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পুষ্টিকর এবং সুষম বাড়তি খাবার খাওয়ানোর ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। এ সময় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা ছাড়াও জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সহকারী পরিচালক মো. সিহাব উদ্দিন শেখসহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রসহ হাট-বাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশনের অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হবে। এতে সিটি কর্পোরেশন এলাকা ব্যতীত জেলার ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ৩৯ হাজার ৪২২ জন এবং ১২-৫৯ মাস বয়সের ৩ লাখ ১৮ হাজার ৭৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।