কাহারোলে আমন বীজতলা তৈরিতে ব্যস্ত আমন চাষীরা

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৭:১৭ পিএম
কাহারোলে আমন বীজতলা তৈরিতে ব্যস্ত আমন চাষীরা

নতুন উদ্যমে আমন আবাদের প্রস্তুতি, কাহারোল উপজেলায় ১৫ হাজার ৩ শত ৪৯ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। শুরু হয়েছে আমন বীজতলা তৈরির কাজ। বোরো ধানের বাম্পার ফল আর ভালো দাম পেয়ে নতুন উদ্যমে আমন আবাদের প্রস্তুতি শুরু করেছে ধানের উপজেলা কাহারোল উপজেলার কৃষকেরা। ইতিমধ্যে শুরু করেছে আমন বীজতলা তৈরির কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে বোরো ধানের ভাল ফলন হয়েছে। 

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার কাহারোল উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ৩ শত ৪৯ হেক্টর। এই জন্য বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬৭ হেক্টর জমি। ইতিমধ্যেই কৃষকেরা বীজতলা তৈরি করেছেন ৫ শত হেক্টর জমিতে। এই সকল জমিতে আমন ধানের বীজ বপন করা হয়েছে। সরঞ্জা গ্রামের কৃষক তামিজুল ইসলাম বলেন, ৩ একর আমন ধান লাগানোর জন্য বিভিন্ন প্রকার ধানের বীজ জমিতে বপন করা হয়েছে। রামচন্দ্রপুর গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, ৮ একর জমিতে আমন চাষ করা হবে তার জন্য আমন ধানের বীজ কয়েকদিন আগে জমিতে ফেলানো হয়েছে। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুর রহমান বলেন, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে তা বীজতলা তৈরির জন্য অনুকুল। এই আবহাওয়া বিরাজ করলে কৃষকেরা ভালো ভাবেই বীজতলা তৈরি করতে পারবেন। আর এমন আবহাওয়া আমন চাষের জন্যও বেশ উপযোগী। সেই ক্ষেত্রে কৃষকেরা বোরো ধানের মতো আমন ধানে ভাল ফলনের আশা করছেন। এদিকে কাহারোল উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকেরা বোরো ধান কাটা মাড়াইয়ের পর আমন বীজতলা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। কৃষক রবীন্দ্র জানান, এবার বোরো ধান আবাদ করে ভাল ফলন ও ভালো দাম পাওয়া গেছে। এতে বেশী লাভবান হয়েছেন কৃষকেরা। এই অবস্থা চলতে থাকলে আমন আবাদ করে আর লোকসান গুনতে হবে না। এলাকার কৃষকেরা আমন ধানের বীজতলা তৈরি ও বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন।  কৃষি কর্মকর্তা আরোও বলেন, আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে ৪ হাজার কৃষককে ১০ কেজি ডি.এ.পি, ১০ কেজি এম.ও.পি ও ৫ কেজি বিভিন্ন জাতের ধান দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে