কলম্বোতে দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী পুতুল

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ২২ জুন, ২০২৬, ০৭:৪৯ পিএম | প্রকাশ: ২২ জুন, ২০২৬, ০৭:৩৩ পিএম
কলম্বোতে দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী পুতুল

শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল (এমপি)। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী ২৩ ও ২৪ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত “দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া”শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

সরকারি সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী ২২ জুন দুপুর ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। একই দিন শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া, কাউন্সিলর হাবিব এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। সম্মেলনে শিশু অধিকার সুরক্ষা, শিশু কল্যাণে টেকসই নীতিমালা প্রণয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রতিমন্ত্রী বাংলাদেশের শিশু সুরক্ষা খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করবে। সফরকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তার স্বামী এইচ. এম. বারু সানি এবং কন্যা নাজাহ বিনতে হোসাইন সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সম্মেলন শেষে আগামী ২৭ জুন সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি কলম্বো থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে