টেকনাফ সড়কে বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি যাত্রী এক রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাস চালককে গ্রেফতার করেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ জুন বিকাল ৫টার দিকে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের টেকনাফের হোয়াইক্যং দক্ষিণ লম্বাবিল এলাকায় কক্সবাজারগামী ১টি পায়রা পরিবহন বাসের সঙ্গে হ্নীলাগামী ১টি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে আটকে পড়া চালকসহ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। এসময় হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মো. কায়সার (৩৫) নিহত হয়। সিএনজির চালকসহ আরো কয়েকজনকে আশংকাজনক ও গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে স্থানীয়রা বাস চালক রায়হানকে (৪৪) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, টেকনাফ সড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কায়সার নামে এক রোহিঙ্গা যাত্রী নিহত হয়েছে। গুরুতর আহতদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। দু'র্ঘটনাকবলিত বাস, সিএনজি জব্দ করে আটক চালককে হেফাজতে নেওয়ার পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।