পিরোজপুরের কাউখালীতে দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র, অভিভাবক ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার-ফেস্টুন হাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪০০ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন। অন্যদিকে কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০০ ছাত্রী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র ৭ জন। শুধু তাই নয়, দুটি বিদ্যালয়েই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক ও একাডেমিক চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা শিক্ষার গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
শিক্ষক সংকটের কারণে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় থাকায় অভিভাবক মানববন্ধনে তাদের ক্ষোভ ও অসহায়ত্বের কথা তুলে ধরেন।
ছাত্র অভিভাবক এনামুল হক বলেন, আমরা অনেক আশা নিয়ে আমাদের সন্তানদের এই ঐতিহ্যবাহী সরকারি স্কুলে ভর্তি করিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখছি পুরো উল্টো চিত্র। বছরের পর বছর প্রধান শিক্ষকের পদ ফাঁকা, বিষয়ভিত্তিক কোনো শিক্ষক নেই। একটা ক্লাস হলে পরের তিনটে ক্লাস ফাঁকা থাকে। শিক্ষার্থীরা স্কুলে গিয়ে শুধু শুধু সময় নষ্ট করে বাড়ি ফিরে আসছে। এভাবে চলতে থাকলে এই অঞ্চলের শিক্ষার হার এবং মান দুই-ই তলানিতে ঠেকবে।
স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, এই আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন ইতিমধ্যে শিক্ষক সংকটের জন্য তিনি শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে ডিউ লেটার দিয়েছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি আমাদের সম্পূর্ণ জানা আছে। শূন্য পদের হালনাগাদ তথ্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সচেতন নাগরিক রফিকুল ইসলাম, রাকিব তালুকদার, জাহিদুর রহমান ফিরোজ, প্রাক্তন শিক্ষার্থী মাহিম হোসেন এবং শিক্ষার্থী শুভাংশ কর্মকারসহ অনেকে।