লাইসেন্স জটিলতায় স্থবির লালপুরের ইটভাটা: মালিক-শ্রমিকদের বিক্ষোভ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ২৩ জুন, ২০২৬, ০৩:৩৩ পিএম | প্রকাশ: ২৩ জুন, ২০২৬, ০২:৩৬ পিএম
লাইসেন্স জটিলতায় স্থবির লালপুরের ইটভাটা: মালিক-শ্রমিকদের বিক্ষোভ

প্রশাসনিক জটিলতা নিরসন, লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজীকরণ, শ্রমিকদের কর্মসংস্থান সংরক্ষণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নাটোরের লালপুরে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইটভাটা মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির উদ্যোগে এবং সমিতির সভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক, শ্রমিক ও কর্মচারীরা লালপুর থানা এলাকার প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত ফি পরিশোধ এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার পরও বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও অযৌক্তিক কারণে লাইসেন্স নবায়ন ও প্রদান কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে। ফলে উপজেলার অধিকাংশ ইটভাটার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

বক্তারা জানান, লালপুর উপজেলার প্রায় ২৬টি ইটভাটা বর্তমানে বন্ধ রয়েছে। এতে সরাসরি ও পরোক্ষভাবে জড়িত প্রায় ২০ হাজার শ্রমিক, কর্মচারী এবং তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে। কাজ হারিয়ে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বলেও তারা দাবি করেন।

তারা বলেন, ইটভাটা শিল্প শুধু একটি ব্যবসা নয়, বরং স্থানীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে পরিবহন খাত, কাঁচামাল সরবরাহকারী, নির্মাণ শ্রমিকসহ হাজারো মানুষের জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। লাইসেন্স জটিলতার কারণে পুরো খাত এখন সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে।

সমাবেশ থেকে দ্রুত লাইসেন্স প্রদান, কাঁচামাল সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, প্রশাসনিক জটিলতার অবসান এবং ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে ইটভাটা মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে দাবিসংবলিত একটি স্মারকলিপি নাটোর জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর প্রদান করা হয়।

এ সময় বক্তারা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি মেহেদী হাসান লিটন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ভাটা মালিক হাফিজুর রহমান হাফিজ, আসাদুল ইসলাম, শফিকুর রহমান ময়না, সবুজ আহমেদসহ উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক, শ্রমিক, কর্মচারী এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে