নিষিদ্ধ একটি দলের কার্যক্রম বা তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জনআকাঙ্ক্ষা ও জনগণের প্রতিপক্ষ হয়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি রাজনৈতিক দল আজ পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে।’
নিষিদ্ধ দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের তৎপরতা চোখে পড়বে এটা কাম্য নয়। একটি নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা।
এছাড়া তিনি আরো বলেন, ‘একসময় এটি একটি রাজনৈতিক দল ছিল। কিন্তু জনআকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ করতে গিয়ে আজকে তারা পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। ‘জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়। আইন ও জনগণের সমন্বিত সিদ্ধান্তেই একটি বিষয় নির্ধারিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রেলের জমিতে এ বছর ১ লাখ ৬০ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন দখলকৃত জমি চিহ্নিত করে সেগুলো যথাযথ ব্যবহার পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।’
এক একরের কম জমিগুলোতে বৃক্ষরোপণ করা হবে। আর তার চেযে বেশি জমিগুলো জনস্বার্থে ব্যবহার করা হবে। তিন একরের বেশি জায়গায় সৌর বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নেয়ার পরিকল্পনা করা হযেছে।
তিনি আরও জানান, রেলওয়ের জায়গায় পরিবেশ উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নও করা হবে। চর গলগলিয়া এলাকায় বড় জায়গায় একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে।
এ সময অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ সাংসদ শেখ মাহাম্মদ আব্দুল্লাহ, রেল সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ।