সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে সলঙ্গার রূপসী বাংলা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আটক ব্যক্তি টিপু সুলতান (৫৫)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে টিপু সুলতানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।