নোয়াখালীর বেগমগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রবাসীর বসতঘরে হামলা, ভাঙচুর, মারধর, নগদ টাকা-স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেশমী আক্তার বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত সোমবার দুপুর ও বিকেলে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ছোট মেহেদীপুর আব্দুল হাই মিয়ার বাড়িতে প্রবাসী মোঃ মহিন উদ্দিনের বসতঘরে দুই দফায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মহিন উদ্দিনের স্ত্রী রেশমী আক্তার জানান, প্রতিপক্ষ তার ভাসুর নিজাম উদ্দিন ও তার স্ত্রী রোকসানা আক্তার তার ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায়, এ সময় তাকে এলোপাতাড়ী কিল ঘুষি লাথি মেরে জখম করে এবং তার ছোট বাচ্চাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয়। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা।
ভুক্তভোগীর দাবী হামলার সময় ঘরে থাকা নগদ ১০ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। আহতরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করা হচ্ছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।