এক ভবনেই শত এসি: বিদ্যুৎ সংকটের মুখে সাতক্ষীরা

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ১২:৫৩ পিএম
এক ভবনেই শত এসি: বিদ্যুৎ সংকটের মুখে সাতক্ষীরা

দেশজুড়ে যখন তীব্র গরম ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে, ঠিক তখনই সাতক্ষীরা শহরের এক বহুতল ভবনে অসংখ্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) স্থাপনের এক অভিনব চিত্র সামনে এসেছে। শহরের শহীদ কাজল সরণী (জজ কোর্টের দক্ষিণ পার্শ্বে) অবস্থিত ‘এসডি হাসপাতাল’ ও ‘ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ ভবনের দেয়ালে দেয়ালে মৌমাছির চাকের মতো ঝুলছে সারি সারি এসি। একটিমাত্র প্রতিষ্ঠানে এভাবে একসঙ্গে বিপুল পরিমাণ এসি ব্যবহারের ফলে স্থানীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি হচ্ছে এবং এলাকাটিতে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো সাতক্ষীরা শহরের এসি যেন এখন এক জায়গাতেই এসে জড়ো হয়েছে। ভবনের বাইরের দেয়ালে তাকালে মনে হয়, নিয়মনীতির তোয়াক্কা না করেই একের পর এক এসি বসানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাশের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালেই যদি সব কারেন্ট চলে যায়, তবে সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে কোথায়? গরমের দিনে এমনিতেই লোডশেডিং হয়, তার ওপর এই ভবনের অতিরিক্ত লোডের কারণে আমাদের এলাকার বিদ্যুৎ সরবরাহ প্রায়ই বিঘ্নিত হচ্ছে।পরিবেশবিদ ও বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, কোনো একটি নির্দিষ্ট ভবনে ধারণক্ষমতার অতিরিক্ত এসি বা ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করতে হলে সুনির্দিষ্ট লোড পারমিশন এবং শক্তিশালী নিজস্ব সাব-স্টেশন থাকা বাধ্যতামূলক। অন্যথায়, স্থানীয় ট্রান্সফরমার বিকল হওয়া থেকে শুরু করে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে। সাধারণ মানুষ ও সচেতন মহলের প্রশ্ন-সাতক্ষীরায় কি এই বিষয়টি দেখার মতো কেউ নেই? বিদ্যুৎ বিভাগ বা স্থানীয় প্রশাসন কীভাবে একটি ভবনে এত বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন এসি ব্যবহারের অনুমতি দিল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গ্রাহক ও এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা এবং যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অবিলম্বে এই ভবনের বিদ্যুৎ সংযোগের বৈধতা ও অনুমোদিত লোড খতিয়ে দেখা উচিত।

আপনার জেলার সংবাদ পড়তে