পাইকগাছায় বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৫:১০ পিএম
পাইকগাছায় বৃদ্ধাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

খুলনার পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামে মৃত রঞ্জন ঘোষের স্ত্রী  সুমিত্রা ঘোষ (৭০) দুর্বৃত্তের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার(২৩ জুন) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আহত অবস্থায় স্বজনরা দ্রুত তাকে তালা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। আহতের বড় ছেলে নারায়ন ঘোষ জানান, হামলায় তার মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং মাথার ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢ়ুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরপর এসব ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে