শেরপুরে ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৪ জুন, ২০২৬, ০৬:২৫ পিএম
শেরপুরে ২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

শেরপুরে এবার ২ লাখ ৫৩ হাজার ৮০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে বুধবার (২৪ জুন)  দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫৩ হাজার ৮০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৮ হাজার ৫৪ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২৫ হাজার ৭৪৬ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার পাঁচ উপজেলায় অস্থায়ী ও স্থায়ীসহ ১ হাজার ৩৩৫টি টিকাদান কেন্দ্র থাকবে। এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ইপিআই কর্মী ও স্বেচ্ছাসেবকগণ শিশুদের টিকা খাওয়াবেন।

সভায় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রুবায়েদ তাসনিম রুম্পা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সম্পাদকবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে