সাঁথিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ০৫:৫৭ পিএম
সাঁথিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

পাবনার সাঁথিয়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার(২৫জুন) উপজেলার ধুলাউড়ি-বোয়াইলমারী সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।ধর্ষক আতোয়ার হোসেন(৩১)উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।ভুক্তভোগী ভুলবাড়িয়া ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।ধর্ষক আতোয়ার হোসেন মাদক কারবারীর সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করেন।

ভুক্তভোগীর পরিবার ও থানায় মামলা সূত্রে জানা গেছে,গত ২২জুন বিকেলে উপজেলার রাউতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আতোয়ার হোসেন পার্শ্ববর্তী চৌবারিয়া গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী(১৩)কে মোবাইল ফোন কিনে দেওয়ার লোভ দেখিয়ে রাউতি গ্রামে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করে।ভূক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার বাবা-মাকে জানালে গত ২৩জুন শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন।এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আতোয়ার হোসেনকে দ্রুত গ্রেপ্তার,দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকায় মাদক কারবারি বন্ধের দাবিতে বৃহস্পতিবার এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ।  মানববন্ধনে ধর্ষকের বিচার দাবীতে বক্তব্য রাখেন,ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহাতাব উদ্দিন,নায়েবে আমীর মওলানা হাসান আলী,স্থানীয় আসাদুল হক,উজ্জ্বল হোসেন,শাহীন ও মাসুদ রানা প্রমুখ।এ সময় থানা পুলিশ উপস্থত ছিলেন। সাঁথিয়া থানার ওসি(তদন্ত)আব্দুল লতিফ জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।ভিকটিমকে পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে।আসামি পলাতক রয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে