বাল্যবিবাহ, ইমো হ্যাকিং, সাইবার প্রতারণা, মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মাঝে সাইবার নিরাপত্তা, সামাজিক সচেতনতা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের লালপুর উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও তথ্যসেবা কার্যালয়ের উদ্যোগে বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে অসচেতনতার সুযোগ নিয়ে প্রতারক চক্র বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। ইমো হ্যাকিং, অনলাইন জালিয়াতি, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কেও সম্যক ধারণা থাকতে হবে। অপরিচিত লিংকে প্রবেশ, ওটিপি, পাসওয়ার্ড কিংবা ব্যক্তিগত তথ্য শেয়ার করার মতো ভুলের কারণে অনেকেই আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়ছেন। তাই সচেতনতাই হতে পারে সাইবার অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর হাতিয়ার।”
সভায় বক্তারা বলেন, ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহারের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা (ঞড়ি-ঋধপঃড়ৎ অঁঃযবহঃরপধঃরড়হ) চালু রাখা এবং সন্দেহজনক বার্তা ও ফোনকল সম্পর্কে সতর্ক থাকা জরুরি। একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, বিএনপি নেতা আবুল হাসেম, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকসহ শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক সভায় অংশগ্রহণকারীরা সাইবার অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে জেলা প্রশাসক আসমা শাহীন উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, লালপুর থানা এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।