রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভিসা জালিয়াতি ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অস্ট্রেলিয়ার জাল ভিসা সংবলিত পাসপোর্ট, ভুয়া বিদেশি পাসপোর্ট, জাল ডকুমেন্ট ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে নগরীর তাজহাট থানার কলেজপাড়া এলাকার সিডিটি হাউজিং সোসাইটির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটকরা হলেন রুহানুর রহমান (২৩), শফিক ইসলাম (৩১) ও হিমেল ইসলাম (২২)। তারা রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনা এবং মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় অস্ট্রেলিয়ার জাল ভিসা সংযুক্ত ১০টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ভুয়া অফার লেটার, জাল ভিসা সংক্রান্ত কাগজপত্র, অর্থ আদায়ের রশিদ, ভুয়া বিমান টিকিটসহ ৩০ সেট ডকুমেন্ট। এছাড়া ঈড়ংঃধ এৎড়ঁঢ় অঁংঃৎধষরধ-এর নাম ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়পত্র, ব্যানার, নেমপ্লেট ও নেম ট্যাগও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঈড়ংঃধ এৎড়ঁঢ় অঁংঃৎধষরধ-এর নামে ভুয়া পেজ খুলে বিদেশে চাকরি ও অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচারণা চালাতেন। পরে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করে তাতে জাল ভিসা সংযুক্ত করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।
পুলিশের দাবি, বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তারা নিজেদের অফিসে ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ব্যানার, নেমপ্লেট ও পরিচয়পত্র প্রদর্শন করতেন। উদ্ধার হওয়া পাসপোর্টগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, তারা অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার আশায় বিভিন্ন দালাল ও এজেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ জনগণকে বিদেশে চাকরি, ভিসা বা অভিবাসন সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে অনুমোদিত প্রতিষ্ঠান ও সরকারি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।